কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২
ষ্টাফ রিপোর্টার:
নিরাপদ সবজি চাষ বিষয়ে চাষীদের বিভিন্ন পরামর্শ ও সেবা দিয়েছে কৃষি বিষয়ক লাইব্রেরী ও সংগঠন কৃষকের বাতিঘর। এসময় সবজি চাষে নিরাপদ প্রযুক্তি ব্যবহার, ফেরোমন ফাদ, সেক্স ফেরোমন ফাদ, হলুদ বোর্ড ব্যবহার সহ সার-কীটনাশক ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের বই পড়ে শোনায় এবং আলোচনা করে সংগঠনের সদস্যরা।
শনিবার (১৩ আগস্ট) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলায় বিভিন্ন ফসলের মাঠে এই পরামর্শ সেবা দেওয়া হয়। এসময় ফসলের মাঠ ঘুরে কৃষকের বাতিঘরের সদস্যরা কৃষকদের বর্তমান চাষ পদ্ধতি সম্পর্কে জানেন এবং তা আরও যুগপোযোগী করার পরামর্শ ও দিকনির্দেশনা দেন। একইসাথে জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। এ বিষয়ে আমলা খামার পাড়ার কৃষক মো. আয়নাল বলেন, আগে আমরা যখন সবজি চাষ করেছি তখন এসব প্রযুক্তি ছিল না (ফেরোমন ও হলুদ ফাদ)। আমরা সার, বিষ দিয়েই সবজি চাষাবাদ করতাম। তখন আমাদের ফসল ফলাতে খরচ বেশি হতো এবং লাভ কম হতো। কৃষকের বাতিঘরের ভাইয়েরা আসার পর আমরা জমিতে কেঁচো সার, ফেরোমন ফাদ, হলুদ কাগজ (হলুদ বোর্ড) ব্যবহার করছি। এতে আমাদের অন্যান্য সার, ওষুধ কম দেওয়া লাগছে এবং ফলন বেশ ভালো হচ্ছে। বাজার ভালো থাকলে অনেক টাকা লাভ হবে।

কৃষকের বাতিঘরের সভাপতি মোহাম্মদ শামসুল হক জানান, এ অঞ্চলে সবজি চাষে অত্যধিক মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে কৃষকেরা। এতে করে তাদের যেমন উৎপাদন খরচ বেশি লাগে তেমনি মাটির উর্বরতা, পুষ্টিগুনাগুন কমে যায়, পরিবেশ দূষিত হয়। এতে ফসল ফলানোর জন্য বছর বছর তাদের সার এবং কীটনাশকের মাত্রা বাড়াতে হয়। আমরা সে বিষয়টিকে গুরত্ব দিয়ে নিরাপদ পদ্ধতিতে সাধারণ ও উচ্চমূল্যের সবজি চাষের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধির চেষ্টা করছি।
সকালে বিভিন্ন সবজি খেত ঘুরে কৃষকদের বই পড়ে শোনান ও কৃষকদের সঙ্গে আলোচনা করেন কৃষকের বাতিঘরের কোষাধ্যক্ষ আশাদুজ্জামান রতন, কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান ও সদস্য অনিকুর রহমান। তারা বলেন, কৃষকরা আমাদের পরামর্শ মেনে এখন সবজি চাষ করছেন। ফলে তাদের উৎপাদন খরচ বহুলাংশে কমেছে এবং এতে মাটির উর্বরতা-পুষ্টিগুণ কিছুটা বাড়ছে। ফসল উৎপাদন তুলনামূলক বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকেরা কম খরচ করে বেশি আয় করার সুযোগ পাচ্ছেন।
সকাল থেকে কৃষকের বাতিঘরের এ কার্যক্রমের সঙ্গে আরও যুক্ত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাঞ্চন কুমার, কার্যনির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান, জিনিয়া ইসলাম, সাগর আলী, সম্রাট আহমেদ, শোয়েব মল্লিক সহ অন্যান্য সদস্যরা। এই কার্যক্রমে সহযোগিতা করে অ্যাগ্রো অ্যালকেমি এবং কৃষিবিডি।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021