দৌলতপুরে ৭২০ কৃষক পেলো সবজির প্রণোদনা

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

দৌলতপুরে ৭২০ কৃষক পেলো সবজির প্রণোদনা

ফরিদ আহম্মেদ, দৌলতপুর, কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরে রবি মৌসুমে শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭২০ জন কৃষকের মাঝে বিনামুল্যে সবজির বীজ, সার ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন (রবি সবজি) শাক-সবজি আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবছর রবি মৌসুমে চাষযোগ্য ৭০ জন কৃষককে লাউ, ১৪০ জন কৃষককে বেগুন, ১১০ জন কৃষককে মিষ্টিকুমড়া, ১০০ জন কৃষককে শসা এবং ৩০০ জন কৃষককে বসতবাড়িতে চাষযোগ্য বিভিন্ন সবজির বীজ, সার ও উপকরণ বিনামুল্যে বিতরণ করা হয়েছে।
দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন বলেন, সরকারী কৃষি প্রণোদনার অংশ হিসেবে দৌলতপুরে ৭২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে লাউ, মিষ্টিকুমড়া, বেগুন, শসা ও বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক কৃষকরা আগাম মৌসুমে সবজি চাষে উৎসাহিত হবেন এবং উৎপাদন খরচ কমিয়ে লাভবান হতে পারবেন। পাশাপাশি স্থানীয় বাজারে সবজির জোগান বৃদ্ধি পাবে, যা দৌলতপুর উপজেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরো বলেন, আমরা কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদে উদ্বুদ্ধ করছি। উপজেলা কৃষি অফিস থেকে নিয়মিত মাঠ পর্যায়ে প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে, যাতে কৃষকরা নতুন প্রযুক্তি ও উচ্চ ফলনশীল জাত ব্যবহার করে আরও বেশি ফলন পেতে পারেন। সরকারের এই প্রণোদনা কার্যক্রম দৌলতপুরে সবজি উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
এসময় দৌলতপুর উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী, অতিরিক্ত কৃষি অফিসার আলী আহাম্মেদ, উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা সোহেল রানা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্ত খালেকুজ্জামানসহ বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারী কর্মকর্তাগণ, উপজেলা কৃষি অফিসে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ এবং কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।