আধুনিক কৃষি সেবা পৌঁছে যাচ্ছে কৃষকের দৌঁড় গোড়ায়

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

আধুনিক কৃষি সেবা পৌঁছে যাচ্ছে কৃষকের দৌঁড় গোড়ায়

দৌলতপুরে তিনদিনের কৃষি প্রযুক্তি মেলা

ফরিদ আহম্মেদ, দৌলতপুর, কুষ্টিয়া ॥

কৃষক পর্যায়ে কৃষি প্রযুক্তি ও সম্প্রসারণ সেবা একযোগে পৌছে দিতে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার দৌলতপুরে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এ কৃষি প্রযুক্তি মেলা থেকে কৃষকরা আধুনিক কৃষি, নিরাপদ ফসল উৎপাদন, শস্য সংরক্ষণ এবং কৃষিকে লাভজনক করতে সকল প্রযুক্তি শিখছেন। সেই সাথে ডিজিটাল পদ্ধতিতে কৃষকরা কিভাবে কৃষি সেবা পাবে সে বিষয়য়েও জ্ঞান লাভ করছেন কৃষকরা। এ মেলার মাধ্যমে কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষক ও দর্শনার্থীরা উপকৃত হচ্ছেন বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

দৌলতপুরে তিনদিন ব্যপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ছবি: ফরিদ আহম্মেদ

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে এ মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (যশোর অঞ্চল) কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ মহসীন আলী, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো. ওহিদুজ্জামান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন সহযোগী জাহিদ হাসান।

দৌলতপুরে তিনদিন ব্যপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ছবি: ফরিদ আহম্মেদ

উদ্বোধনী আলোচনা সভার পূর্বে অতিথিরা মেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (যশোর অঞ্চল) কৃষিবিদ আলমগীর বিশ্বাস বলেন, আপনারা (কৃষকরা) আমাদের দেশের খাদ্য নিরাপত্তার মূল ভরসা। আপনাদের পরিশ্রমেই আমাদের ঘরে ভাত আসে, বাজারে তাজা সবজি পৌঁছে। কিন্তু আজকের দিনে শুধু বেশি ফলন পেলেই যথেষ্ট নয় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদন করাই সবচেয়ে জরুরি। অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করলে সাময়িকভাবে ফলন বাড়তে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা আমাদের মাটি, পানি, পরিবেশ এবং সবচেয়ে বড় কথা আমাদের সন্তানদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সময় এসেছে নিরাপদ কৃষি চর্চার দিকে এগিয়ে যাওয়ার।

দৌলতপুরে তিনদিন ব্যপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ছবি: ফরিদ আহম্মেদ

তিনি বলেন, আমরা যদি সঠিক মাত্রায় সার ব্যবহার করি, সমন্বিত বালাই ব্যবস্থাপনা মেনে চলি, ফেরোমোন ফাঁদ, জৈব সার ও বালাইনাশক ব্যবহার করি তাহলে খরচ কমবে, মাটির উর্বরতা বাড়বে এবং ফসল হবে বিষমুক্ত। এতে ভোক্তার আস্থা বাড়বে, বাজারে আপনার পণ্যের দামও বেশি পাওয়া যাবে।

তিনি বলেন, নিরাপদ ফসল মানেই নিরাপদ পরিবার, নিরাপদ সমাজ। আজ আমরা যদি সচেতন হই, নিয়ম মেনে চাষ করি তাহলে আগামী প্রজন্ম পাবে সুস্থ জীবন, আর কৃষক হিসেবে আপনার সম্মান ও আয় দুটোই বাড়বে।

তিনি আরো বলেন, আমাদের মাটি আমাদের সম্পদ। কিন্তু তামাকের মতো ক্ষতিকর চাষাবাদ এই মাটির উবর্রতা নষ্ট করছে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব তামাক চাষ পরিহার করুন। এর পরিবর্তে মেলায় প্রদর্শিত উচ্চ মুল্যের উচ্চফলনশীল ও পরিবেশবান্ধব ফসল চাষে মনোযোগী হোন, যা আপনার পকেটে যেমন টাকা আনবে, তেমনি রক্ষা করবে আমাদের পরিবেশ।

দৌলতপুরে তিনদিন ব্যপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ছবি: ফরিদ আহম্মেদ

তিনি বলেন, আমরা চাই আপনারা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হোন। এই মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, নিরাপদ ফসল উৎপাদন পদ্ধতি এবং শস্য সংরক্ষণের বৈজ্ঞানিক উপায়গুলো হাতে-কলমে দেখানো হচ্ছে। আপনারা এখানে এসে দেখুন কীভাবে কম পরিশ্রমে এবং স্বল্প খরচে দ্বিগুণ ফসল উৎপাদন করা সম্ভব। আমরা চাই দেশের প্রতিটি মানুষ বিষমুক্ত ও নিরাপদ খাদ্য পাক, আর তার কারিগর হবেন আপনারা।

তিনি আরো বলেন, এখন কৃষি সেবা হবে হাতের মুঠোয়। এ মেলায় আপনাদের শেখানো হচ্ছে কীভাবে ডিজিটাল পদ্ধতিতে বা মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষি সেবা গ্রহণ করা যায়। ঘরে বসেই আপনারা এখন জানতে পারবেন মাটির গুণাগুণ, সারের সঠিক মাত্রা এবং ফসলের রোগবালাই দমনের উপায়। এই প্রযুক্তিগত জ্ঞান আপনাদের কৃষিকে আরও সহজ ও আধুনিক করে তুলবে।

আলমগীর বিশ্বাস বলেন, এখান থেকে প্রযুক্তিগত জ্ঞান গ্রহণ করুন, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শিখুন এবং সনাতন পদ্ধতি ছেড়ে স্মার্ট কৃষির পথে পা বাড়ান। আপনারা সমৃদ্ধ হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।

দৌলতপুরে তিনদিন ব্যপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ছবি: ফরিদ আহম্মেদ

সভাপতির বক্তব্যে কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

দৌলতপুরে তিনদিন ব্যপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ছবি: ফরিদ আহম্মেদ

বিশেষ অতিথির বক্তব্যে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম বলেন, খাদ্য ও পুষ্টির ঘাটতি নিরসনে খোরপোশ কৃষিকে বাণিজ্যিককৃষিতে রুপান্তর করা আগামী কৃষির অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলা ও চলমান কৃষি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষিপণ্যের আধুনিক বাজারজাতকরণ ও বিপণনের মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করার বিকল্প নেই। যার ফলশ্রুতিতে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সকল ক্ষেত্রে কৃষককে লাভবান করার পাশাপাশি কৃষকের উৎপাদিত পণ্যের সংগ্রহোত্তর ক্ষতি হ্রাস ও পুষ্টিমান নিশ্চিতকরণ, কৃষি পণ্যের সংরক্ষণ কৌশলের টেকসই উন্নয়ন, বাণিজ্যিক কৃষিতে কৃষকের দক্ষতা বৃদ্ধি, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, তরুণ উদ্যোক্তাদের কৃষির মূলধারায় অন্তর্ভূক্তকরণ এবং বিশ্ব জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশলের কথা এখনই বিবেচনায় আনা অপরিহার্য। যশোর অঞ্চলের খোরপোশ কৃষিকে বানিজ্যিক কৃষিতে রুপান্তর এবং কৃষিপণ্যের আধুনিক বাজারজাতকরণ ও বিপণনের মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতসহ টেকসই কৃষি সম্প্রসারণের লক্ষ্যে প্রকল্পটির কাজ চলমান রয়েছে। আশা করছি প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলের কৃষকের উৎপাদিত পণ্যের সংগ্রহোত্তর ক্ষতি হ্রাস ও পুষ্টিমান নিশ্চিতকরণ, কৃষি পণ্যের সংরক্ষণ কৌশলের টেকসই উন্নয়ন, বাণিজ্যিক কৃষিতে কৃষকের দক্ষতা বৃদ্ধি, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। সেই সাথে তরুণ কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর হবে।

দৌলতপুরে তিনদিন ব্যপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ছবি: ফরিদ আহম্মেদ

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে তিনদিন ব্যাপি এ মেলায় ১৪টি স্টলে কৃষি বিষয়ক বিভিন্ন প্রযুক্তি দেখানো হচ্ছে। কৃষকরা যাতে আধুনিক ও নিরাপদ উপায়ে ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারে এবং তামাকের বিকল্প উচ্চমুল্য ফসল চাষে আগ্রহী হয়ে উঠতে পারে এজন্য মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস সবসময় কৃষকের দৌড় গোড়ায় কৃষি সেবা পৌঁছে দিচ্ছে। একযোগে কৃষির সকল প্রযুক্তি ব্যপকভাবে ছড়িয়ে দিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলায় রয়েছে আধুনিক পদ্ধতিতে নিরাপদ উপায়ে সবজি, ফল, মসলা এবং ওষুধী ফসলের প্রদর্শনী, উত্তম কৃষি চর্চা, ডিজিটাল কৃষি সেবা, কৃষি পরামর্শ কেন্দ্র, কৃষি উদ্যোক্তা, কৃষি পণ্য বাজারজাতকরণ, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ।

দৌলতপুরে তিনদিন ব্যপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ছবি: ফরিদ আহম্মেদ

এছাড়া এ মেলায় ব্যয় সাশ্রয়ী উৎপাদন কৌশল, সঠিক সার ও পানি ব্যবস্থাপনাসহ কৃষির আধুনিক প্রযুক্তি দেখানো হচ্ছে। তিনদিনের এ কৃষি মেলায় আগত কৃষক ও দর্শনার্থীরা কৃষি সেবা এবং কৃষি বিষয়ক পরামর্শ পাচ্ছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী বৃহস্পতিবার প্রযন্ত বলে জানায় আয়োজকরা।