ক্ষতি এড়াতে সংশ্লিষ্টদের নিবিড়ভাবে কাজ করার নির্দেশ কৃষিমন্ত্রীর

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

ক্ষতি এড়াতে সংশ্লিষ্টদের নিবিড়ভাবে কাজ করার নির্দেশ কৃষিমন্ত্রীর

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ হাওরাঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে সংশ্লিষ্টদের নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

আজ রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাওরাঞ্চলের বোরো ধানের আবাদ, উৎপাদন ও কর্তনের সার্বিক পরিস্থিতির বিষয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

কৃষি সচিব রফিকুল ই মোহামেদ এর সভাপতিত্বে সভায় হাওরাঞ্চলের জেলাসমূহের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা যুক্ত ছিলেন।

হাওরাঞ্চলকে দেশের ফসল, বিশেষ করে ধানের ভাণ্ডার উল্লেখ করে মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের ধান যেন নষ্ট না হয়। হাওরাঞ্চলের ধান কাটা নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সময়মতো ধান কাটার নির্দেশনা দিতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, ধান কাটার কম্বাইন্ড হার্ভেস্টার যেন যথাসময়ে পর্যাপ্ত পরিমাণে থাকে। অচল যন্ত্রগুলো দ্রুত সচলের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পার্শ্ববর্তী অঞ্চল থেকে ভাড়ায় হার্ভেস্টার এনে সময়মতো ধান কাটা সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, ধান কাটার সময় হার্ভেস্টারের প্রয়োজনীয় তেলের সমস্যা হবে না। তেলের সরবরাহ স্বাভাবিক রাখা হবে।

মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের আবহাওয়া পরিস্থিতি নজরে রাখত হবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি রাখতে হবে। হার্ভেস্টারের পাশাপাশি কৃষি শ্রমিকের মাধ্যমে ধান কাটার ব্যবস্থা রাখার জন্যও মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button