কাঁঠালের বিভিন্ন রোগ ও দমন ব্যবস্থাপনা

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

কাঁঠালের বিভিন্ন রোগ ও দমন ব্যবস্থাপনা

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল শুধু সুস্বাদু ফলই নয়, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফলও। গ্রামবাংলার প্রায় প্রতিটি অঞ্চলে কাঁঠালের গাছ দেখা যায়। পুষ্টিগুণে ভরপুর এই ফল কাঁচা অবস্থায় সবজি এবং পাকা অবস্থায় ফল হিসেবে সমান জনপ্রিয়। কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা ও প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। এ ছাড়াও ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম ও খাদ্যআঁশ। এছাড়া কাঁঠালের বীজে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন।
বর্তমানে দেশে কাঁঠালের বাণিজ্যিক চাষও বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে বারোমাসি কাঁঠাল। তবে নানা রোগবালাইয়ের কারণে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ কাঁঠাল নষ্ট হয়। রোগের আক্রমণে শুধু ফলনই কমে না, ফলের গুণগত মানও নষ্ট হয়। অনেক সময় পুরো গাছও মারা যেতে পারে। তাই কাঁঠালের রোগ শনাক্তকরণ ও সঠিক দমন ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।
নিচে কাঁঠালের গুরুত্বপূর্ণ রোগসমূহ, রোগের লক্ষণ এবং দমন ব্যবস্থাপনা বিস্তারিত তুলে ধরা হলো।
ফুল ও ছোট ফল ঝরে পড়া : অনেক সময় কাঁঠাল গাছে প্রচুর ফুল এলেও তা ঝরে পড়ে যায়। এতে ফলন মারাত্মকভাবে কমে যায়। এটি কাঁঠালের প্রধান রোগ।
কারণ : পুষ্টির অভাব, অনিয়মিত সেচ, অতিরিক্ত গরম আবহাওয়া, রোগ ও পোকামাকড়ের আক্রমণের কারণে এ সমস্যা দেখা দেয়।
দমন ব্যবস্থা : গাছে সুষম সার প্রয়োগ করতে হবে এবং নিয়মিত সেচ নিশ্চিত করতে হবে। রোগ ও পোকামাকড় দমনে সময়মতো ব্যবস্থা নিতে হবে। জৈব সার ব্যবহারে গাছের স্বাস্থ্য ভালো থাকে এবং ফুল ঝরা কমে যায়।
ফল পচা রোগ : কাঁঠালের সবচেয়ে বেশি দেখা যায় ফল পচা রোগ। এটি কাঁঠালের সবচেয়ে সাধারণ সমস্যা। সাধারণত বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতা ও বৃষ্টিপাতের কারণে এ রোগের প্রকোপ বাড়ে। ছত্রাকজনিত কারণে এ রোগ হয়ে থাকে।
রোগের লক্ষণ : প্রথমে কাঁঠালের গায়ে ছোট ছোট বাদামি বা কালচে দাগ দেখা যায়। পরে এসব দাগ বড় হতে থাকে এবং আক্রান্ত অংশ নরম হয়ে পচে যায়। অনেক সময় ফল থেকে দূর্গন্ধ বের হয় এবং ফল গাছ থেকে ঝরে পড়ে। কাঁচা ও পাকা উভয় ধরনের ফলই আক্রান্ত হতে পারে।
দমন ব্যবস্থা : আক্রান্ত ফল দ্রুত সংগ্রহ করে ধ্বংস করতে হবে। বাগান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং গাছের ডালপালা ছাঁটাই করে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। বর্ষাকালে যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ম্যানকোজেব বা কপারজাতীয় ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে।
পাতায় দাগ রোগ : পাতায় দাগ রোগ কাঁঠাল গাছের একটি সাধারণ ছত্রাকজনিত রোগ। বিশেষ করে বর্ষা মৌসুমে এ রোগ বেশি দেখা যায়।
রোগের লক্ষণ : পাতার উপর ছোট ছোট বাদামি বা কালো দাগ পড়ে। পরে দাগগুলো বড় হয়ে পাতা শুকিয়ে যায় এবং ঝরে পড়ে। এতে গাছ দুর্বল হয়ে পড়ে ও ফলন কমে যায়।
দমন ব্যবস্থা : আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করতে হবে। গাছের নিচ পরিষ্কার রাখতে হবে এবং পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করতে হবে। প্রয়োজনে অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে।
ডাইব্যাক রোগ : ডাইব্যাক রোগে গাছের ডালের আগা ধীরে ধীরে শুকিয়ে যায়। সময়মতো ব্যবস্থা না নিলে পুরো ডাল মারা যেতে পারে। এ রোগ ছত্রাকজনিত কারণে হয়ে থাকে।
রোগের লক্ষণ : ডালের আগা শুকিয়ে যায় এবং পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। আক্রান্ত গাছে নতুন কুঁড়ি ও ডাল গজানো কমে যায়। ফলে ফলনও কমে যায়।
দমন ব্যবস্থা : আক্রান্ত ডাল সুস্থ অংশ থেকে কেটে ফেলতে হবে এবং কাঁটা অংশে বোর্দোপেস্ট লাগাতে হবে। আক্রান্ত ডাল পুড়িয়ে ধ্বংস করা ভালো। সুষম সার প্রয়োগ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছকে সুস্থ রাখতে হবে। প্রয়োজনে        ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে।
গামোসিস বা আঠা ঝরা রোগ : কাঁঠাল গাছের কা- বা ডাল থেকে আঠার মতো পদার্থ বের হলে সেটিকে গামোসিস রোগ বলা হয়। এ রোগে গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফলন অনেক কমে যায়।
রোগের লক্ষণ : গাছের কা-ে বা ডালে ফাটল দেখা যায় এবং সেখান থেকে আঠা বের হতে থাকে। আক্রান্ত অংশ কালচে বা বাদামি হয়ে যায়। দীর্ঘদিন রোগ থাকলে গাছের বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়।
দমন ব্যবস্থা : আক্রান্ত স্থানের ছাল পরিষ্কার করে বোর্দোপেস্ট বা কপারজাতীয় ওষুধ লাগাতে হবে। গাছের গোড়ায় পানি জমতে দেওয়া যাবে না। এছাড়া গাছের কা-ে আঘাত লাগা থেকেও বিরত থাকতে হবে।
কালো ছাচ রোগ : এ রোগে পাতার উপর কালো ছাঁচের মতো আবরণ পড়ে, যা গাছের স্বাভাবিক খাদ্য তৈরির প্রক্রিয়াকে ব্যাহত করে।
রোগের কারণ : সাধারণত জাবপোকা বা মিলিবাগের নিঃসৃত মধুরসের উপর ছত্রাক জন্মানোর কারণে এ রোগ হয়।
দমন ব্যবস্থা : প্রথমে জাবপোকা ও মিলিবাগ দমন করতে হবে। আক্রান্ত পাতা পরিষ্কার করতে হবে এবং প্রয়োজন হলে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে।
মূল পচা রোগ : গাছ মৃত্যুর অন্যতম কারণ মাটিতে পানি জমে থাকলে কাঁঠাল গাছে মূল পচা রোগ দেখা দেয়। এটি অত্যন্ত ক্ষতিকর একটি রোগ।
রোগের লক্ষণ : গাছের পাতা হলুদ হয়ে যায় এবং ধীরে ধীরে ঝরে পড়ে। গাছ দুর্বল হয়ে পড়ে এবং বৃদ্ধি কমে যায়। আক্রান্ত শিকড় পচে যায়। রোগের তীব্রতা বাড়লে গাছ মারা যেতে পারে।
দমন ব্যবস্থা : বাগানে অবশ্যই পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখতে হবে। আক্রান্ত গাছের গোড়ায় ট্রাইকোডার্মা বা উপযুক্ত ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে। অতিরিক্ত সেচ দেওয়া থেকে বিরত থাকতে হবে।
সমন্বিত রোগ ব্যবস্থাপনার গুরুত্ব : কাঁঠালের রোগ দমনে শুধু ওষুধ ব্যবহার করলেই হবে না। প্রয়োজনে সমন্বিত ব্যবস্থাপনা।  গ্রহণ করলে অধিকাংশ রোগ সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।
কৃষকদের করণীয় :
-সবসময় রোগমুক্ত চারা রোপণ করতে হবে।
-বাগান পরিষ্কার রাখতে হবে।
-গাছের ডালপালা নিয়মিত ছাঁটাই করতে হবে।
-গাছের গোড়ায় পানি জমতে দেওয়া যাবে না।
-সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে।
-আক্রান্ত ফল, পাতা ও ডাল দ্রুত অপসারণ করতে হবে।
-নিয়মিত বাগান পর্যবেক্ষণ করতে হবে। উৎপাদন বাড়াতে সচেতনতার বিকল্প নেই।
কাঁঠাল বাংলাদেশের একটি সম্ভাবনাময় ফল। দেশে এবং বিদেশে এর চাহিদা দিন দিন বাড়ছে। কিন্তু রোগবালাইয়ের কারণে প্রতিবছর বিপুল পরিমাণ ফল নষ্ট হচ্ছে। সঠিক সময়ে রোগ শনাক্তকরণ এবং কার্যকর দমন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
পরিচ্ছন্ন গাছে, সুষম সার ব্যবস্থাপনা, পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা এবং নিয়মিত পর্যবেক্ষণই কাঁঠালের রোগ নিয়ন্ত্রণের প্রধান উপায়। পাশাপাশি কৃষকদের আধুনিক রোগ ব্যবস্থাপনা প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কাঁঠালের উৎপাদন বৃদ্ধি পেলে  কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের পুষ্টি ও অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই জাতীয় ফল।

লেখক : উপউপাচার্য, শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়।