গাংনীতে তেলজাতীয় ফসল চাষে মাঠ দিবস

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬

গাংনীতে তেলজাতীয় ফসল চাষে মাঠ দিবস

ষ্টাফ রিপোর্টার:
মেহেরপুরে কৃষকদের মধ্যে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের তেলবীজ চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গাংনী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের জুগিরগোফা এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সনজীব মৃধা।

এসময় তিনি বলেন, বাংলাদেশে বছরে প্রায় ২৫০ কোটি মার্কিন ডলার মূল্যের ভোজ্য তেল আমদানি হয়, যা টাকায় প্রায় ২৭-২৮ হাজার কোটি টাকা। দেশের চাহিদা প্রায় ৩০ লাখ টন, যার মধ্যে প্রায় ৯০ শতাংশ আমদানি করতে হয়। এ কারণে বৈদেশিক মুদ্রার ওপর চাপ পড়ছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা সরাসরি দেশের বাজারকে প্রভাবিত করছে।

তিনি আরো বলেন, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করলে দেশে আমদানির ওপর নির্ভরতা কমবে এবং কৃষকের আয়ও বৃদ্ধি পাবে। উন্নত জাতের বীজ ব্যবহার, সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ফলন উল্লেখ যোগ্যভাবে বাড়ানো সম্ভব।
মাঠ দিবসে অংশ নেওয়া কৃষকরা জানান, তারা নতুন প্রযুক্তি ব্যবহার করে আগামী মৌসুমে সরিষা, সূর্যমুখী ও সয়াবিন চাষ বাড়ানোর পরিকল্পনা করছেন।


কৃষি বিভাগ আশা করছে, এ ধরনের কর্মসূচি দেশের বিভিন্ন অঞ্চলে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যায়ন অফিসার আলমগীর হোসেন, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং ও মুল্যায়ণ কর্মকর্তা হাসান আলী, পার্টনার প্রকল্পের মনিটরিং ও মুল্যায়ণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষি কর্মকর্তারা সরিষা, সূর্যমুখী, সয়াবিনসহ বিভিন্ন তেলজাতীয় ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই দমন ও ফলন বৃদ্ধির কৌশল সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেন। কৃষকরা প্রদর্শনী প্লট পরিদর্শন করে নতুন প্রযুক্তি এবং সফল উদ্ভাবনী পদ্ধতি দেখে উৎসাহিত হন।