কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
সরকারের নির্বাচনি অঙ্গীকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপা-লাঙ্গলবাঁধ (আর-৭১৬) আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে সড়কের বসন্তপুর অংশে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান, সওজ ঝিনাইদহের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান উল কবির, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন এবং সার্ভেয়ার মো. সোহেল রানা প্রমুখ।
উদ্বোধনকালে সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও সৌন্দর্যবর্ধক ফুল গাছের চারা রোপণ করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কপথকে সবুজে ঘেরা রাখতে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলবে। শেখপাড়া-লাঙ্গলবাঁধ সড়কের ২৬ কিলোমিটার এলাকায় প্রায় ২ হাজার ৫০০টি চারা রোপণ করা হবে বলে তারা জানান।
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ‘জেলার প্রতিটি সড়কে পর্যায়ক্রমে সৌন্দর্যবর্ধক ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ঝিনাইদহ জেলাকে একটি নান্দনিক ও পর্যটন সম্ভাবনাময় জেলায় রূপ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।’
তিনি সড়ক ও জনপথ বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আরও বলেন, ভবিষ্যতে প্রতিটি প্রকল্পে পরিবেশকে অগ্রাধিকার দিয়ে যেন বৃক্ষরোপণ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021