কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
পানি কমতে শুরু করেছে উত্তরাঞ্চলের বৃহত্তম জলাভূমি চলনবিলে। বর্ষার স্রোত থেমে গিয়ে চারদিকে দেখা দিচ্ছে চেনা মাঠ। এই সুযোগে মাঠে নেমে পড়েছেন স্থানীয় কৃষকেরা। শরতের শেষ ভাগে তারা এখন ব্যস্ত সময় পার করছেন সরিষা চাষের প্রস্তুতিতে।
চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জের তাড়াশ, নাটোরের সিংড়া, গুরুদাসপুর ও পাবনার চাটমোহরসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষকরা এখন জমি প্রস্তুত, বীজ বপন ও আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত। কেউ জমিতে চাষ দিচ্ছেন, কেউবা আগাম জাতের সরিষা বপন করছেন।
তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কৃষক আব্দুল হালিম বলেন, বর্ষার পানি নামতেই জমি শুকাতে শুরু করেছে। এখনই সময় সরিষা বপনের। আমরা আগাম জাতের সরিষা বুনলে ডিসেম্বরের শেষের দিকে ফুল আসবে, জানুয়ারিতে ফলন পাবো।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলনবিল এলাকায় এ মৌসুমে কয়েক হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার চাষের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কারণ, পানি নেমে যাওয়ায় অনেক অনাবাদি জমিও এবার আবাদে আনা সম্ভব হচ্ছে।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, চলনবিল অঞ্চলের মাটি, তেল, বীজ ফসলের জন্য বেশ উপযোগী। আমরা কৃষকদের উৎসাহিত করছি উন্নত জাতের সরিষা চাষে। এতে উৎপাদন বাড়বে এবং তেলের চাহিদা পূরণে স্থানীয়ভাবে অবদান রাখবে।
এ দিকে, মাঠজুড়ে কৃষকের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে চলনবিল। চারদিকে হালচাষ, বীজ বপন আর কৃষকের ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে বিলের মাঠ। কৃষকেরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার ফলন হবে বাম্পার।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021