কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫
দিনাজপুরে আগাম আলু চাষ শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় হালচাষ, পরিচর্যা, সার প্রয়োগ, হিমাগার থেকে বীজ সংগ্রহ ও বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জেলায় প্রায় ১১ হাজার হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবার আলু বীজের দাম সর্বনিম্ন হলেও সার ও কীটনাশক বেশি দামে কিনতে হচ্ছে। তবে মজুরের দাম আগের বছরের মতোই। সরকার নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক কিনতে পারলে খরচ আরও কমে যেত।
জানা যায়, কৃষকেরা আগাম জাতের আলু হিসেবে বিনা-৭, সানসাইন ও স্টারিজ জাতের আলুর বীজ বপন করছেন। বিগত বছরগুলোয় এ আলু বীজ সরকার জাতভেদে ৫৭ টাকা থেকে শুরু করে ৬৬ টাকা পর্যন্ত কেজি নির্ধারণ করেছিল। কিন্তু কৃষককে কিনতে হয়েছিল ৮০ টাকা থেকে ১১০ টাকা কেজি। এবার সেই আলু বীজ বাজারে বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা কেজি। সামনে আরও দাম কমে যেতে পারে বলে জানিয়েছেন চাষিরা।
সারের বিষয়ে জানা যায়, ডিলাররা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সরকারি মূল্য ১২৫০ টাকায় কেনেন, তবে বিক্রি করেন ১৩৫০ টাকায়। ডাই-অ্যামনিয়াম ফসফেট (ডিএপি) সরকারি মূল্য ৯৫০ টাকা হলেও বিক্রি হয় ১০৫০ টাকা। মিউরেট অব পটাশ (এমওপি) সরকারি মূল্য ৯০০ টাকা হলেও বিক্রি হয় ১০০০ টাকা। ইউরিয়া সারের সরকারি মূল্য ১২৫০ টাকা হলেও বিক্রি হয় ১৩৫০ টাকা।
তবে তিউনেশিয়ার টিএসপি ২০০০ টাকা, দেশি ২৪০০ টাকা; মরক্কোর ডিএপি ১৭০০-১৮০০ টাকা, দেশি ২০০০ টাকা; কানাডার এমওপি ১২০০ টাকা ও রাশিয়ার এমওপি সরকারি মূল্যেই বিক্রি হচ্ছে। কিন্তু কোনো ডিলারই ভাউচার দিচ্ছেন না। ভাউচার চাইলে সার দিচ্ছেন না বলে জানিয়েছেন একাধিক কৃষক। এ ছাড়া কৃষক আলুর জমিতে গোবর সার, মিশ্রসার, জীপসাম, জিংক বা দস্তা, ম্যাগনেশিয়াম ও বোরন সার ব্যবহার করেন।
বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, আলু চাষের জন্য জমি তৈরি করছেন কৃষকেরা। এরপর বীজ আলু লাইন ধরে রোপণ করছেন। ১ একর জমিতে ২৫-২৮ মণ বীজ আলুর প্রয়োজন হয়। তবে একরপ্রতি ১৪০-১৫০ মণ ফলন হয়। বীজ লাগানোর ৫০-৫৫ দিনের মধ্যেই ফসল ঘরে তোলেন চাষিরা। অগ্রহায়ণ মাসে আলু চাষের মৌসুম হলেও বেশি দাম পাওয়ার আশায় আশ্বিন মাসেই আগাম আলু চাষ করছেন তারা।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021