মাগুরায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাঠ দিবস ও কৃষক সমাবেশ

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

মাগুরায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাঠ দিবস ও কৃষক সমাবেশ

পলক আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক:
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাগুরায় মাঠদিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ নভেম্বর) দিনব্যাপি মাগুরা জেলার শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের বাউলিয়া এলাকায় লতিকচুর উপরে এ মাঠ দিবস ও কৃষক সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস।
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উচ্চ মুল্যের নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তির মধ্যে এ লতিকচু (লতিরাজ) সম্পর্কে বিস্তারিত আলোচনা ও কৃষকদের মধ্যে প্রযুক্তি এবং চাষাবাদ সম্পর্কে জানানো হয় মাঠ দিবস অনুষ্ঠানে।
মাঠদিবসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক সুফি মোঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।
এসময় তিনি বলেন,

একসময় এই দেশে খাদ্যাভাব ছিলো, সারের জন্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই কৃষি বান্ধব সরকারের দূরদর্শী ও যুগপৎ সিদ্ধান্তের ফলে আজ আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সরকার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন করেছে, যার সুফল ইতিমধ্যেই জনগণ ভোগ করতে শুরু করেছে। এই উন্নয়ন এখন বিশ্ব স্বীকৃত। বিশ্বে একসময় মালয়েশিয়ায় ‘মাহাতির মডেল’ কে উদাহরণ দেখানো হলেও বর্তমানে ‘হাসিনা মডেল’ ও বাংলাদেশকে আদর্শ হিসেবে দেখানো হচ্ছে। তিনি আরও বলেন সরকারের উন্নয়নের এই ধারাবাহিকতা আগামীতেও ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) রমেশ চন্দ্র ঘোষ বলেন,

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) রমেশ চন্দ্র ঘোষ

বর্তমান কৃষি বান্ধব সরকারের লক্ষ্য দেশের খোরপোশ কৃষিকে বানিজ্যিক ও রপ্তানিমূখী কৃষিতে রুপান্তর করা। সেই লক্ষ্যে যশোর অঞ্চলের সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগিয়ে রপ্তানিযোগ্য বানিজ্যিক কৃষি পণ্য উৎপাদনের লক্ষ্যে এই যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যশোর অঞ্চলের ০৬টি জেলায় ৭৬ হাজারের বেশি কৃষককে প্রশিক্ষণ প্রদান করে দক্ষতা উন্নয়ন করা হবে।” প্রকল্পটির সফল বাস্তবায়নের ফলে এই অঞ্চলের কৃষির আমুল পরিবর্তন হবে বলে তিনি আশা করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বিষ্ণু পদ সাহা, শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন, বুনাগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বক্তিয়ার হোসেন প্রমুখ।


অনুষ্ঠানের শুরুতেই বর্তমান সময়ের কৃষি ও লতিকচু সম্পর্কে কৃষকদের মাঝে বিস্তারিত আলোচনামুলক স্বাগত বক্তব্য রাখেন শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।
মাঠ দিবসে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধিজনসহ প্রায় ৫ শতাধিক কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।