লাভবান হওয়ায় মাগুরায় বাড়ছে আগাম শিম চাষ

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২১

লাভবান হওয়ায় মাগুরায় বাড়ছে আগাম শিম চাষ

আগাম জাতের শিম চাষে লাভবান হচ্ছেন মাগুরার কৃষকরা। ভালো ফলনের পাশাপাশি দামও পাচ্ছেন বেশি।

সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছরে শিম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৮০ হেক্টর জমিতে। কিন্তু অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে চাষ হয়েছে প্রায় ৩৫০ হেক্টর জমিতে।

আগাম জাত হিসেবে ‘রূপবান’ ও ‘ইফশা’ মাগুরা অঞ্চলে বেশ জনপ্রিয়। জৈষ্ঠ্য মাসের শেষের দিকে শিমের বীজ বপন করেন চাষিরা। সাধারণত বীজ বপনের ৩৫-৪০ দিনের মধ্যে শিমের লতায় ফুল আসতে শুরু করে। অতি বর্ষা না হলে প্রায় ৫ মাস স্থায়ী হয় শিমের মাচা।

এ বছর প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে জানিয়ে স্থানীয় এক শিম চাষি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার   ১ বিঘা জমি থেকে অন্তত ৪০ হাজার টাকা লাভ হবে তার।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক জানান, এখানকার মাটি শিম চাষের জন্য উপযোগী। অতিরিক্ত বর্ষার পানি ক্ষেতে জমে থাকলে স্যাঁতস্যাঁতে মাটিতে শিম গাছের গোড়ায় নেমাটোড (কৃমি জাতীয় পোকা) আক্রমণ করে যা গাছের শিকড় নষ্ট করে দেয়। তাই অতিরিক্ত বৃষ্টি না হলে শিম চাষিরা লাভবান হবেন বেশি।

শিম গাছের গোড়া পঁচা রোগ দেখা দিলে ছত্রাক নাশক ব্যবহারের পরামর্শ দিয়ে সুশান্ত কুমার বলেন, এছাড়া পানিতে পরিমিতভাবে বোরিক এসিড মিশিয়ে স্প্রে করলেও উপকার পাওয়া যেতে পারে।