কুষ্টিয়া ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬
ঢাকার সাভারে বজ্রপাতে তিনজন কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলেন- কুটি ব্যাপারী (৩৫), দ্বীন ইসলাম (৪৫) ও দুলাল (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কোন্ডা এলাকার একটি ফসলি জমিতে কাজ করছিলেন, কুটি ব্যাপারী, দ্বীন ইসলাম ও দুলাল। বিকেল আনুমানিক ৫টার দিকে হঠাৎ করে তাদের ওপর প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই কুটি ব্যাপারী ও দুলাল প্রাণ হারান।
বজ্রপাতের শব্দ শুনে আশেপাশের লোকজন ও নিহতের স্বজনরা মাঠে ছুটে যান। সেখানে দ্বীন ইসলামকে গুরুতর আহত ও ছটফট করতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে ভাগ্যের নির্মম পরিহাস, হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে কোন্ডা গ্রামের আকাশ-বাতাস।
সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বলেন, বিকেল ৫টার দিকে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজন মারা যান এবং দ্বীন ইসলাম নামে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
তিনি আরও বলেন, আমরা নিহতদের পরিবারের সঙ্গে কথা বলছি। তাদের কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021